২০২০-২১ বিপণন বর্ষে (জুলাই-জুন) রাশিয়ার গম রফতানি কমার পূর্বাভাস দিয়েছে মস্কোভিত্তিক দেশটির কৃষিবিষয়ক পরামর্শক সংস্থা সোভকন। দুই লাখ টন কমে গম রফতানির পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ টনে দাঁড়াবে বলে মনে করছে সংস্থাটি। সম্প্রতি রাশিয়া সরকার কর্তৃক খাদ্যশস্যটির রফতানি শুল্কের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করায় এমন পূর্বাভাস দিয়েছেন সোভকনের বিশ্লেষকরা। খবর রয়টার্স।
গত মাসে শুল্কের পরিমাণ দ্বিগুণ করে প্রতি টন গমের আমদানি শুল্ক নির্ধারণ করা হয় ৫০ ইউরো। এর আগে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি টন গমের আমদানি শুল্ক ছিল মাত্র ২৫ ইউরো। আগামী ২ জুন থেকে নতুন এ কর কার্যকর হবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার।
গম রফতানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া। এর পরে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থান। সোভকন বলছে, মার্চে যখন রফতানি শুল্ক কম ছিল, সে সময়ের তুলনায় বর্তমানে রাশিয়ার গম রফতানির গতি অনেকটাই কমে গেছে। তবে প্রত্যাশার চেয়েও কিছুটা ধীরগতিতে নতুন শুল্কের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন রাশিয়ার গম ব্যবসায়ীরা।
আগামী জুনে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত শুল্ক ২০২০-২১ মৌসুমে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছে সোভকন। তবে এই অতিরিক্ত শুল্কারোপ গম ও যবের মতো দেশটির অন্যান্য শস্যের ওপরও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










