নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী চলতি বছরের শুরু থেকে অন্যান্য অনেক ব্যবহারিক ধাতুর মতো তামার বাজারেও বড় ধরনের দরপতন ঘটিয়েছিল। তবে গত মাস থেকে তামার দাম বাড়তে শুরু করেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) টানা পাঁচ সপ্তাহ ধরে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তির দিকে রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে প্রতি টন তামার দাম ৫ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়ে গেছে। একদিনেই ব্যবহারিক ধাতুটির দাম টনে ৩৬ ডলারের বেশি বেড়েছে। খবর মেটাল বুলেটিন ও বিজনেস রেকর্ডার।
এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৫ ডলার ৫০ সেন্ট। আগের কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ৫ হাজার ৭৯৯ ডলারে বিক্রি হয়েছিল। সেই হিসেবে একদিনেই তামার দাম টনে ৩৬ ডলার ৫০ সেন্ট বেড়েছে।
এক মাস আগেও এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ৫ হাজার ৩১৫ ডলারের নিচে ছিল। গত ১৯ মে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ৫ হাজার ৩১৪ ডলারে বিক্রি হয়। ২১ মে প্রতি টন তামার দাম ৫ হাজার ৩৮৭ ডলারে উন্নীত হয়। তবে পরদিনই ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৫ হাজার ২৪২ ডলার ৫০ সেন্টে নেমে আসে। সাম্প্রতিক কয়েক মাসে এটাই এলএমইতে তামার সর্বনিম্ন দাম।
এরপর থেকে ব্যবহারিক ধাতুটির দাম ক্রমেই বাড়তির দিকে রয়েছে। মে মাসের শেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫ হাজার ৩৩২ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়। জুনের প্রথম কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে ৫ হাজার ৩৭৬ ডলার ৫০ সেন্ট।
জুনের মাঝামাঝি সময় পর্যন্ত এলএমইতে তামার দামে টানা চাঙ্গা ভাব বজায় ছিল। ৫ জুন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৫ হাজার ৫৮৮ ডলারে। ৯ জুন ব্যবহারিক ধাতুটির দাম আরো বেড়ে টনপ্রতি ৫ হাজার ৬৮০ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়। পরদিন তামার দাম সাম্প্রতিক মাসগুলোয় প্রথমবারের মতো টনপ্রতি ৫ হাজার ৮০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। ১০ জুন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৫ হাজার ৮০১ ডলারে।
এরপর থেকে এলএমইতে তামার দাম কিছুটা কমে আসে। ১৫ জুন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৫ হাজার ৬৪৬ ডলারে। সাময়িক এ পতনের পর ফের বাড়তির দিকে রয়েছে ব্যবহারিক ধাতুটির দাম। এ ধারাবাহিকতায় এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ফের ৫ হাজার ৮০০ ডলারের মাইলফলক পেরিয়ে গেছে। সর্বশেষ কার্যদিবসে একদিনেই ব্যবহারিক ধাতুটির দাম বেড়েছে ৩৬ ডলারের বেশি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী ছাপিয়ে দেশে দেশে শিল্প উৎপাদন বাড়তে শুরু করেছে। গতি ফিরছে সামগ্রিক অর্থনীতিতে। মূলত এ কারণে তামার চাহিদা ও বেচাকেনা বেড়ে দাম আগের তুলনায় বাড়তির দিকে রয়েছে।










