ভিয়েতনামের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি খাতে চাঙ্গা ভাবের দেখা মিলেছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে চলতি বছরের একই সময়ে জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকদের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশের বেশি বেড়েছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩৩ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪ শতাংশ বেশি।
এ সময় অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ১১০ কোটি ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ দেশটির আয় ২১ দশমিক ২ শতাংশ বেড়েছে।
এদিকে রফতানি খাতের পাশাপাশি ভিয়েতনামের জ্বালানি তেল আমদানিতেও প্রবৃদ্ধি বজায় ছিল। চলতি বছরের প্রথম আট মাসে আন্তর্জাতিক বাজার থেকে ভিয়েতনামিজ আমদানিকারকরা সব মিলিয়ে ৮১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস। এক বছরের ব্যবধানে ভিয়েতনামে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ৪৬ দশমিক ৯ শতাংশ।
একই সময়ে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে ভিয়েতনামিজ আমদানিকারকদের সব মিলিয়ে ২৬৪ কোটি ডলার ব্যয় হয়েছে। এক বছরের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাবদ এ ব্যয় দশমিক ৬ শতাংশ বেড়েছে।
খাতসংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে দামের স্বল্পতার সুযোগ কাজে লাগাতে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়িয়ে দিয়েছে ভিয়েতনাম। এর বিপরীতে কমানো হয়েছে জ্বালানি পণ্যটির রফতানি। বছরের প্রথম আট মাসের আমদানি-রফতানির চিত্র বিশ্লেষণ করলে এ পরিস্থিতি স্পষ্ট হয়েছে।










