গত অর্থবছরে বিপুল লোকসানের মুখোমুখি হয়েছে জাপানি সংস্থা সফটব্যাংক গ্রুপের ভিশন ফান্ড বিভাগ। এর জের ধরে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটা হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

সফটব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাইয়োশি সনের বেতন ১০ কোটি ইয়েন বা ৭ লাখ ৮৫ হাজার ডলারের সমপরিমাণ। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটা হলেও প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন ছিল অপরিবর্তিত। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ইয়োশিমিতসু গোতো বেতন পেয়েছেন ২৯ কোটি ৩০ লাখ ইয়েন, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ কম। সফটব্যাংকের স্থানীয় টেলিকম অপারেশনের প্রধান কর্মকর্তা কেন মিইয়াউচির আয় করেছেন ৫৩ কোটি ৯০ লাখ ইয়েন, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ কম। চলতি বছরের এপ্রিলে ভিশন ফান্ডের যুক্তরাষ্ট্র বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন রোনাল্ড ফিশার। গত বছরের এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত তিনি বোর্ড পরিচালক পদে কর্মরত ছিলেন। এ সময় তার বেতন ১২ কোটি ৬০ লাখ ইয়েন নির্ধারণ হয়। অথচ এর আগের বছর তার বেতন ছিল ৯১ কোটি ৭০ লাখ ইয়েন।

চলতি বছরের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে সবচেয়ে বেশি লোকসান করেছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি তহবিলটি। লোকসান কাটিয়ে উঠতে এ সপ্তাহে পুঁজিবাদী উদ্যোক্তা হিসেবে বোর্ডের জন্য ডেভিড চাওকে বাছাই করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগকারী সংস্থাটি। এ বছরের ২৪ জুন শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় এ প্রস্তাব অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।