ফিক্সড প্রাইজ পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষ হচ্ছে আজ। এ আবেদন ৩ এপ্রিল শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ৮৫৩তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
৩০ জুন সমাপ্ত ২০২২ সময় পর্যন্ত কোম্পানিটির মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ লাখ ২০ হাজার টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্টস লিমিটেড।










