বিদ্যুচ্চালিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও পিকআপ ট্রাকের উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে গেছে ফোর্ড মোটর। এর বদলে বাজার চাহিদার কারণের হাইব্রিড গাড়ির দিকে মনোযোগ দিয়েছে এ মার্কিন অটো জায়ান্ট। ২০৩০ সালের মধ্যে সমগ্র উত্তর আমেরিকার জন্য হাইব্রিড গাড়ির উৎপাদন বাড়াবে কোম্পানিটি। খবর সিএনবিসি।

ডেট্রয়েট-ভিত্তিক ফোর্ড মোটর সম্প্রতি জানিয়েছে, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরিতে তাদের বিনিয়োগ অব্যাহত রাখবে। তবে কানাডার একটি এসইউভি প্ল্যান্টের উৎপাদন কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রাখবে। এছাড়া পরবর্তী প্রজন্মের পিকআপের উৎপাদন কার্যক্রম ২০২৫ সাল থেকে পিছিয়ে পরের বছরে নেয়া হয়েছে।

ইভি খাতে এর আগেও একাধিক অটোমেকার পরিকল্পনার অদলবদল ঘটিয়েছে। সে স্রোতে সর্বশেষ ঘোষণাটি দিল ফোর্ড। মূলত এ খাতে প্রত্যাশার তুলনায় ধীর প্রবৃদ্ধি কোম্পানিগুলোকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। একদিকে উৎপাদন পরিকল্পনার তুলনায় চাহিদা ধীর, অন্যদিকে উৎপাদন খরচও দিনদিন বেড়ে চলেছে।

অবশ্য এ বিষয়ে ফোর্ডের পিছিয়ে যাওয়া সিদ্ধান্ত একদম নতুন নয়। গত বছরই তারা এমন পূর্বাভাস দিয়েছিল। তখন বলেছিল, বাজার পরিস্থিতির পাশাপাশি উৎপাদন ও বিক্রিজনিত প্রতিবন্ধকতার কারণে ইভির জন্য পরিকল্পিত ১ হাজার ২০০ কোটি ডলারের বিনিয়োগ বাতিল বা বিলম্বিত করবে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ইভি বিক্রিতে টেসলার পর দ্বিতীয় স্থানে ফোর্ড। কোম্পানি হিসেবে সামগ্রিকভাবে অবস্থান তৃতীয়। কারণ জনপ্রিয় সহযোগী ব্র্যান্ড কিয়া ও জেনেসিসের যৌথ বিক্রির কারণে ফোর্ডকে ছাড়িয়ে গেছে হুন্দাই মোটরস।

ফোর্ডের সিইও জিম ফারল সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ‘দুই বছরে যুক্তরাষ্ট্রে আমরা ইভির দ্বিতীয় ব্র্যান্ড। এখানে আমরা ইভি ব্যবসাকে আরো লাভজনক করতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিকভাবে বিনিয়োগ ব্যবহার করে এবং সঠিক সময়ে গ্যাসচালিত, হাইব্রিড ও সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করাতে প্রতিশ্রুতিবদ্ধ ফোর্ড।’

এদিকে কানাডার অন্টারিওতে ফোর্ডের ওকভিল অ্যাসেম্বলি প্ল্যান্টকে নতুনভাবে সাজানো হবে। এসইউভির পরিবর্তে এখানে নতুন বৈদ্যুতিক গাড়ির কারখানা করতে যাচ্ছে। এজন্য প্রায় ১৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ফোর্ড প্রথমবারের মতো উত্তর আমেরিকার গ্যাসচালিত কোনো প্ল্যান্টকে পুরোপুরি ইভি তৈরিতে স্থানান্তর করছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, অতিরিক্ত সময় ইভির জন্য গ্রাহক বাজারকে আরো বিকাশ করবে এবং ফোর্ডকে উদীয়মান ব্যাটারি প্রযুক্তির সুবিধা নিতে পারবে, গ্রাহকদের স্থায়িত্ব বাড়াবে এবং কম মূল্যে কিনতে পারবে।