চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৭৮ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ মে।










