দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিসেও আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজেরও দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। তবে মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা ১১ টা পর্যন্ত আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৫ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার  ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৬৪টির বা ৭২ দশমিক ৭৩ শতাংশ, কমেছে ৫৭টির বা ১৫ দশমিক ৭০ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৪২টি বা ১১ দশমিক ৫৭ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৭০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।