চলতি বছর জার্মানির জ্বালানি ব্যবহার ২ দশমিক ৩ শতাংশ কমে ৪০ বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে। দেশটির কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি ও সেবা খাতে কাঠামোগত পরিবর্তন এর পেছনে প্রভাব ফেলেছে। দেশটির শিল্প সমিতি এজিইবি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
আগের বছর দেশটিতে জ্বালানি চাহিদা কমে
দাঁড়িয়েছিল ৪৪ কোটি ৭৩ লাখ টন কয়লার সমতুল্যে, যা ছিল জার্মানির জ্বালানি ব্যবহার
পতনের টানা তৃতীয় বছর এবং ১৯৭০ দশকের গোড়ার দিকের পর সর্বনিম্ন ব্যবহারের রেকর্ড।
চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জার্মানির
জ্বালানি ব্যবহার আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১
কোটি ৫৯ লাখ টনে। এ সময় জ্বালানি হিসেবে দেশটিতে কয়লা ও পারমাণবিক পদার্থের
ব্যবহার কমেছে। এর বিপরীতে নবায়নযোগ্য ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে জার্মানি আমদানি ও অভ্যন্তরীণ উত্তেলিত কয়লার ব্যবহার কমিয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৮ দশমিক ৪ শতাংশ ও ২১ দশমিক ৭ শতাংশ। একই সময় দেশটির নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বেড়েছে ৪ শতাংশ।









