মৎস্য খাতের সরবরাহ চেইনে জড়িত সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর মাধ্যমে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া হবে। প্রতি বছরের একটি দীর্ঘ সময় সামুদ্রিক মৎস্য শ্রমিকদের কর্মহীন থাকতে হয়। কিন্তু এ সময়ে তাদের যে অনুদান প্রয়োজন তা দেয়া হয় না। আবার একটি বড় অংশ অনুদান থেকে বঞ্চিত হন। তাই সার্বিকভাবে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিল্স) আয়োজিত ‘মৎস্যজীবীদের আইনি ও সামাজিক সুরক্ষা প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বলেন, মৎস্য খাতের শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা মানা হয় না। প্রায় অর্ধেক মৎস্যজীবী জানিয়েছেন তাদের কর্মঘণ্টা নির্ধারিত নয়। তাদের কোনো বিরতি নেই। বড় একটি অংশ সাপ্তাহিক কোনো ছুটি পান না। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২২ সালে ৬ হাজার ৭০০ টাকা করা হয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো প্রচারণা হয়নি।

তিনি বলেন, মৎস্য শ্রমিকদের বেশিরভাগ এখনও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। কেউ আহত হলে মাত্র ২৯ শতাংশ পরিবার সহযোগিতা পান। মৃত্যুবরণ করলে মাত্র ৬ শতাংশ পরিবার সহযোগিতা পান। তাই সরকারিভাবে মৎস্যজীবীদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে এবং তাদের আইডি কার্ড প্রদান করতে হবে।

নইমুল আহসান জুয়েল বলেন, সরকারি বিভিন্ন সেক্টরে ঝুঁকি ভাতা রয়েছে। কিন্তু মৎস্যজীবীরা এতো ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে। কিন্তু তাদের জন্য কোনো ঝুঁকি ভাতার ব্যবস্থা নেই। তারা আছেন নাকি নেই সে তথ্যও সংগ্রহ করা হয় না। সরকার যদি সমুদ্রে মাছ আহরণ করা নৌযান থেকে ট্যাক্স সংগ্রহ করতে পারে তাহলে ডাটাবেজও তৈরি করতে পারে। এছাড়া দাদন প্রথাকে নির্মূল করতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা বেগম বলেন, শ্রম আইনে কৃষিজীবীরা যুক্ত আছেন। এর মধ্যে মৎস্যজীবীও পড়েন। আমি যে কোনো খাতে গেলে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে জোর দেই। সব স্থানেই মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার রয়েছে। ডাটাবেইজ তৈরির জন্য মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্প চলমান রয়েছে। মৎস্য খাতের সার্বিক উন্নয়নে সিভিল সোসাইটির সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিল্সের উপদেষ্টা ও জাতীয় মৎস্যশ্রমিক অধিকার ফোরামের আহ্বায়ক নইমুল আহসান জুয়েল। সঞ্চালনা করেন বিল্সরে সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলটেবিল বৈঠকে বিল্স ও জাতীয় মৎস্য শ্রমকি অধিকার ফোরামের বিভিন্ন স্তরের নেতারা