ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শামস্ রহমান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন উপাচার্যকে স্বাগত জানান।

অধ্যাপক শামস্ রহমান ২০২১ ও ২০২২ সালে পরপর দুবার বিশ্বের শীর্ষস্থানীয় ২ শতাংশ স্কলারের একজন হিসেবে স্বীকৃতি লাভ করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ। তার ২৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট এডিটর। তিনি ১৫টি আন্তর্জাতিক জার্নালের এডিটরিয়াল বোর্ডের সদস্য। অধ্যাপক রহমান একাডেমিক ও গবেষণাকাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। অধ্যাপক শামস্ রহমান অধ্যাপক হিসেবে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং গবেষণার কাজে জড়িত ছিলেন। 

শিক্ষাজীবনে অধ্যাপক রহমান কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটার থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়া তিনি বেলারুশ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ‘মাস্টার অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ‘মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ ডিগ্রি অর্জন করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছিলেন। —বিজ্ঞপ্তি