জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে। গতকাল গুলশান-১-এ অবস্থিত আকাশ টাওয়ারে দ্য সিগনেচার নামের এ আউটলেটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘এ ধরনের অত্যাধুনিক শোরুমের শুভযাত্রায় ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে জুয়েলারি খাতে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু আমাদের দেশের মার্কেটের জন্য নয়, বিদেশেও রফতানি করার সুযোগ আছে। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনুরোধ করব, তারা যেন এটিও করে।’

প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যে ৩২টি আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া, আস্থা ও বিশ্বাস আমাদের এত দূর নিয়ে এসেছে। আমরা দুটি কারখানা করেছি। আমরাই প্রথম রাফ ডায়মন্ড কাটিং করে রফতানি করেছি। গোল্ডের রিফাইনারির মাধ্যমে গোল্ডের র ম্যাটারিয়াল পাওয়া গেলে রফতানি করা আমাদের জন্য সহজ হবে। আমার বিশ্বাস, আগামীতে জুয়েলারি খাত দেশের জিডিপিতে ভালো অবদান রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক অমিয় কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা, পরিচালক পিন্টু কুমার আগরওয়ালাসহ বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিষ্ঠানটি জানায়, ‘দ্য সিগনেচার’ নামের এ শোরুমটি গুলশান-১-এর মোড়ে টাওয়ার অব আকাশের লিফটের ২ ও ৩-এ অবস্থিত। এটি শুধু কোনো শোরুম নয়; এটি আধুনিক স্থাপত্যের একটি মাস্টারপিস। শোরুমের প্রতিটি দেয়াল থেকে শুরু করে প্রতিটি কোনায় আধুনিক স্থাপত্যের ছোঁয়া লেগেছে। এখানে প্রবেশ করে গ্রাহকরা অন্য রকম এক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করবেন। চোখ ধাঁধানো অত্যাধুনিক এই শোরুমে দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ের অভিজাত বিপণিগুলোর মতো উন্নতমানের পণ্য পরিসেবা পাবেন জুয়েলারিপ্রেমীরা।