কেনিয়া থেকে চা ও কফির রফতানি কমেছে। গত সেপ্টেম্বরে দেশটি থেকে পানীয় পণ্য দুটির রফতানি কমেছে ৫ শতাংশ। কেনিয়া ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (কেএনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস ডেইলি আফ্রিকা।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে কেনিয়া থেকে ৩৬ হাজার ৩২৫ টনের মতো চা রফতানি হয়েছে। যেখানে তার আগের মাসে অর্থাৎ আগস্টে রফতানি ছিল ৪১ হাজার ২৭৫ দশমিক ৯৬ টন, যা থেকে দেশটির আয় এসেছে ৪০০ কোটি শিলিং (স্থানীয় মুদ্রা)। যেখানে এর আগের মাসে রফতানি থেকে আয় হয় ৯৪০ কোটি শিলিং।
অন্যদিকে সেপ্টেম্বরে কেনিয়া থেকে কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৪ দশমিক ৭৩ টনে। যেখানে আগের মাসে রফতানি ছিল ৩ হাজার ৯৩১ দশমিক ৮৯ টন। এ মাসে কফি রফতানি থেকে দেশটির আয় এসেছে ১১০ কোটি শিলিং। যেখানে আগস্টে রফতানি আয় ছিল ১৪৬ কোটি শিলিং।
কেএনবিএসের তথ্য বলছে, গত সেপ্টেম্বরে দেশটিতে চাহিদা কম থাকায় আন্তর্জাতিক বাজার থেকে পণ্যসামগ্রীর আমদানি কমেছে। সে কারণে চা ও কফি রফতানি কমে যাওয়ার পাশাপাশি দেশটির মোট বাণিজ্য ঘাটতিও কমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এ মাসে দেশটির বাণিজ্য ঘাটতি কমে ১৭ হাজার ২০ কোটি শিলিংয়ে নেমে এসেছে।









