২০২২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আরো বেশি মুনাফা পাওয়ার আশা করছে আমেরিকান এয়ারলাইনস। বছরের শেষ দিকে ব্যস্ত ভ্রমণ মৌসুম কাটানোর পর এ আশাবাদ জানিয়েছে মার্কিন উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। খবর এপি।
বছরের শেষ তিন মাসে আমেরিকান এয়ারলাইনস শেয়ারপ্রতি ১ ডলার ১২ সেন্ট থেকে ১ ডলার ১৭ সেন্ট মুনাফা পাওয়ার আশা করছে। এ মুনাফার পূর্বাভাস আগের প্রাক্কলনের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া সংস্থাটির আয় প্রাক-কভিড ২০১৯ সালের শেষ তিন মাসের তুলনায় ১৬-১৭ শতাংশ বেশি হবে বলেও আশা করা হচ্ছে। এ খবরের পর মার্কিন পুঁজিবাজারে বৃহস্পতিবার সংস্থাটির শেয়ারদর ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। এদিন গত বছরের জুলাইয়ের পর সবচেয়ে বেশি শেয়ারদর বাড়ে সংস্থাটির।
বড়দিনের আগে ব্যাপক তুষারপাতের কারণে মার্কিন এয়ারলাইনসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেশটির উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। তবে অন্যান্য সংস্থার তুলনায় দ্রুত ফ্লাইট পরিষেবা পুনরুদ্ধার করতে পেরেছে আমেরিকান এয়ারলাইনস। অন্যদিকে সাউথওয়েস্ট এখনো সেই বিপর্যয় কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। তুষারঝড়ের কারণে সংস্থাটি ডিসেম্বরের শেষ ১০ দিনে ১৬ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল। সংস্থাটির মোট সময়সূচির ৩৭ দশমিক ৫ শতাংশ ফ্লাইট বাতিলের মুখে পড়েছিল। এতে ১০ লাখের বেশি মানুষ তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা অন্য এয়ারলাইনসে পুনরায় টিকিট কাটতে বাধ্য হয়।
আমেরিকান এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা ডেভন মে একটি সাক্ষাৎকারে বলেন, সাউথওয়েস্টের ফ্লাইট বিপর্যয়ের কিছু সুবিধা অবশ্যই আমরা পেয়েছি। তবে সেটি খুব বেশি নয়। মূলত চতুর্থ প্রান্তিকজুড়ে আমরা শক্তিশালী চাহিদার দেখা পেয়েছি। এজন্যই মুনাফার পূর্বাভাস বাড়ানো হয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সাউথওয়েস্টের বিপর্যয় অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের পরিসংখ্যানকে লাইমলাইটের বাইরে ঠেলে দিয়েছে। ফ্লাইটের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, ডিসেম্বরের শেষ দিকে আমেরিকান এয়ারলাইনস ৮০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এ সংখ্যা সংস্থাটির মোট সময়সূচির ২ দশমিক ৬ শতাংশ।
কভিডের বিপর্যয় কাটিয়ে গত বছর মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো শক্তিশালী চাহিদার দেখা পেয়েছে। এতে কয়েক বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে সক্ষম হয় সংস্থাগুলো। এক্ষেত্রে বাড়তি ভাড়াও সংস্থাগুলোকে মুনাফায় ফিরতে সহায়তা করেছে। ২৬ জানুয়ারি চতুর্থ প্রান্তিকের আয় ও মুনাফার পরিসংখ্যান প্রকাশ করবে আমেরিকান এয়ারলাইনস।










