আন্তর্জাতিক বাজারে গতকাল কমেছে তামার দাম। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো শিল্প ধাতুটির দাম কমল। মূলত শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনে হতাশাজনক অর্থনৈতিক পরিস্থিতি ও দেশটির প্রপার্টি খাতে চলমান অস্থিরতার কারণেই বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ২২৪ ডলারে। চলতি সপ্তাহের এখন পর্যন্ত বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণখাতে ব্যবহৃত ধাতুটির দাম কমেছে প্রায় দশমিক ৮ শতাংশ।

আইএনজির বিশ্লেষক ইওয়া মান্থি বলেন, ‘‌শিল্প ধাতুটির বাজার ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চীনের অর্থনীতি নিয়ে যত বেশি উদ্বেগ ঘনীভূত হচ্ছে, তত বেশি ধাতুটির চাহিদা কমছে। বর্তমান পরিস্থিতি ধাতুটির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। এর দাম আরো কমার আশঙ্কা রয়েছে।’ 

চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ। চলতি বছর দেশটি অর্থনীতিতে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। কিন্তু জুলাইয়ে অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। অনেক অর্থনীতিবিদ বলছেন, অর্থনীতিকে গতিশীল করতে যথাযথ উদ্যোগ না নেয়া হলে এ লক্ষ্যমাত্রা পূরণে পুরোপুরি ব্যর্থ হবে দেশটি। 

চীনে অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি তামার বাজারের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি। টানা পঞ্চম দিনের মতো ডলারের দাম বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সুদের হার ঊর্ধ্বমুখী থাকবে বলেও ধারণা করা হচ্ছে। এসব বিষয় ডলারে লেনদেন হওয়া ধাতুটির ওপর চাপ সৃষ্টি করছে। অন্য মুদ্রার ক্রেতাদের কাছে এর চাহিদা কমছে। যুক্তরাষ্ট্র সুদের হার আরো বাড়ালে তামার দাম আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

এদিকে গতকাল এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ১৪৫ ডলারে অপরিবর্তিত ছিল। চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম ব্যবহারকারী ও উৎপাদক। জুলাইয়ে দেশটিতে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়ে রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে। সাংহাই ফিউচারসে মজুদ কমে যাওয়ায় আমদানি এক বছরের ব্যবধানে প্রায় ২০ শতাংশ বেড়েছে। 

এলএমইতে গতকাল দস্তার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২৮৪ ডলারে। সীসার দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ১৪০ ডলারে নেমেছে। টিনের দাম কমেছে দশমিক ৮ শতাংশ। প্রতি টন লেনদেন হয়েছে ২৫ হাজার ১১০ ডলারে। নিকেলের দাম দশমিক ৮ শতাংশ কমে ২০ হাজার ১২০ ডলারে নেমেছে।