পুঁজিবাজারে সদ্য লেনদেন শুরু হওয়া বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। আলোচ্য কার্যদিবসে ডিএসইর দরবৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটির শেয়ার। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, বেস্ট হোল্ডিংসের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৭ দশমিক ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৭১ কোটি ৭২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ কোটি ৯৬ লাখ টাকা।
তথ্য অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। তবে আইপিও-পরবর্তী কোম্পানিটির ইপিএস হবে ৬৮ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেস্ট হোল্ডিংসের ইপিএস হয়েছে ৪১ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৪ পয়সায়, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ৫৪ টাকা ১১ পয়সা।
৬ জানুয়ারি পুঁজিবাজারে বেস্ট হোল্ডিংসে লেনদেন শুরু হয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি হিসেবে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়।
গত বছরের ২০-২৩ নভেম্বর বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট অফ প্রাইস (প্রান্তসীমা মূল্য) নির্ধারণে ইলেকট্রনিক বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির শেয়ারের কাট অব প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেছেন। কাট অব প্রাইসের তুলনায় ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকায় কোম্পানিটির শেয়ার পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
এর আগে গত বছরের ১০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৫তম সভায় বেস্ট হোল্ডিংসকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেয়া হয়।










