অ্যালুমিনিয়াম উৎপাদনে উল্লম্ফন দেখিয়েছে চীন। গত মাসে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন ২০২২ সালের নভেম্বরের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। মূলত চীনে অ্যালুমিনিয়ামের চাহিদা বৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস)। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক চীন। এনবিএস জানিয়েছে, গত মাসে দেশটি ৩৫ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে।
শিল্প পরামর্শদাতা প্রতিষ্ঠান আলাদিনির মতে, চীনের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় নভেম্বরে উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টনে। ধাতুটির পর্যাপ্ত চাহিদার কারণে অন্যান্য অঞ্চলেও উৎপাদন বেড়েছে।
পরিবহন, নির্মাণসহ প্যাকেজিং খাতে অ্যালুমিনিয়ামের ব্যাপক ব্যবহার রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে চীনে গড় উৎপাদন ছিল দৈনিক ১ লাখ ১৮ হাজার টন। এর আগের মাস অক্টোবরে দৈনিক গড়ে ১ লাখ ১৬ হাজার ৭৭৪ টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে।
এদিকে শুষ্ক আবহাওয়ায় দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে ধাতুটির উৎপাদন কমেছে। তবে ডিসেম্বরে প্রদেশটিতে উৎপাদনের পরিমাণ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত চীন ৩ কোটি ৮০ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি।
এছাড়া গত মাসে বেড়েছে অন্যান্য ধাতুর উৎপাদনও। তামা, অ্যালুমিনিয়াম, সিসা, দস্তা ও নিকেলসহ ১০টি ননফেরাস (লোহাজাত নয়) ধাতুর উৎপাদন নভেম্বরে ২০২২ সালের একই মাসের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ টনে। আর চলতি বছরের প্রথম ১১ মাসে গত বছরের একই সময়ের তুলনায় এসব ধাতুর উৎপাদন ৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ কোটি ৭৯ লাখ টনে পৌঁছেছে।










