ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে রাশিয়ার ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। কোনো কোনো প্রতিষ্ঠান দেশটি থেকে চিরতরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ব্যবসার কিছু অংশ বিক্রির বিষয়ে রাশিয়ার এক্সপোব্যাংকের সঙ্গে আলোচনা করছে মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ। খবর রয়টার্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রুশ সেনাবাহিনী। এতে করে পশ্চিমা মহলের তীব্র সমালোচনা ও রোষের মুখে পড়ে রাশিয়া। এরই অংশ হিসেবে ব্যবসা কার্যক্রমের কিছু অংশ বিক্রির বিষয়ে এক্সপোব্যাংকের সঙ্গে আলোচনা করছে সিটিগ্রুপ। আলোচনা ইতিবাচক দিকে মোড় নিয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি জানিয়েছে দুই পক্ষ। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে পশ্চিমা ঋণ সহযোগী সংস্থাগুলোর মধ্যে রাশিয়ার ব্যবসা বিক্রি করে দেয়া দ্বিতীয় প্রতিষ্ঠান হবে সিটিগ্রুপ। এর আগে গত এপ্রিলে ফরাসি ব্যাংক সোসাইটি জেনারেল রসব্যাংক রুশ সংস্থা ইনটেরোস ক্যাপিটালের কাছে বিক্রি করেছিল।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রুশ ফ্র্যাঞ্চাইজি থেকে ৩ কোটি ২০ লাখ ডলার আয় করে সিটিগ্রুপ। সে হিসেবে আয় গত বছর একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। এ বছরের মে মাসে সিটিগ্রুপ জানায়, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেন ফ্রেজারের মন্তব্যের সঙ্গে সংগতি রেখে রুশ ব্যবসা বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ায় বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা বিক্রিরও পরিকল্পনা করছে সংস্থাটি।এদিকে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় সিটিগ্রুপের সম্পত্তি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছে রসব্যাংক ও রুশ বীমা প্রতিষ্ঠান রেসো-গ্যারানটিয়া।