পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ৫ শতাংশ। বীমা খাতের কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১১ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১১ আগস্ট সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৭ জুন।
আলোচ্য হিসাব বছরে কোম্পাটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৭৬ পয়সা।










