রাশিয়া থেকে রাবার আমদানিতে অতিরিক্ত ৩৫ শতাংশ আমদানি করারোপ করেছে যুক্তরাজ্য। সম্প্রতি প্রকাশিত ব্রিটিশ সরকারের এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের ফলে দেশটির ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করার দ্বিতীয় পর্যায়ে এমন পদক্ষেপ নিল যুক্তরাজ্য।

১৫ মার্চ যুক্তরাজ্য সরকার জানায়, রাশিয়ার টায়ার আমদানির ক্ষেত্রে অতিরিক্ত ১৫ শতাংশ আমদানি কর পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এবার ১৫ কোটি পাউন্ড প্যাকেজের নিষেধাজ্ঞায় রাবার ও রাবারজাত অধিকাংশ পণ্যের ওপর উল্লিখিত ১৫ শতাংশ অতিরিক্ত আমদানি কর প্রযোজ্য হবে বলে জানানো হয়। যেসব পণ্য এইচএস কোড ৪০০১, ৪০০২, ৪০০৫, ৪০০৮, ৪০০৯, ৪০১০, ৪০১৫ ও ৪০১৬ সংবলিত, সেসব পণ্য এ নিষেধাজ্ঞার আওতায় আসবে।

তবে ঠিক কবে নাগাদ এ অতিরিক্ত করারোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। সেখানে উল্লেখ করা হয়, এসব নিষেধাজ্ঞা বাস্তবায়নে যথাসময়ে আইন প্রণয়ন করা হবে। বিদ্যমান ও পরিকল্পিত শুল্ক বৃদ্ধির দ্বারা প্রভাবিত পণ্যগুলোর বিভিন্ন সুযোগ সরকারের পর্যালোচনার অধীনে থাকবে। দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে আমদানি পণ্যের মধ্যে রয়েছে চিনি, কাঠজাত পণ্য, সিল্ক, তুলা, হীরা, খেলনা ও আসবাবপত্র।