চলতি বছরের প্রথম থেকেই চীনে স্টেইনলেস স্টিল (মরিচারোধী ইস্পাত) উৎপাদন প্রবৃদ্ধিতে মন্দা ভাব বজায় রয়েছে। দেশটির খাতসংশ্লিষ্টরা বলছেন, আগামী বছর এ খাতে প্রবৃদ্ধি আরো শ্লথ হয়ে আসবে। খবর এসএমএম নিউজ।
চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ। তবে স্টেইনলেস স্টিল তৈরির তালিকায় দেশটির অবস্থান বেশ পেছনের সারিতে। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উৎপাদন প্রবৃদ্ধি বাড়তে পারে ৫ শতাংশ, যেখানে এবার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ শতাংশ।
স্টেইনলেস স্টিল তৈরির প্রধান কাঁচামাল নিকেল আকরিক। এই খনিজ পণ্যের শীর্ষ উত্তোলনকারী দেশ ইন্দোনেশিয়া। দেশটি আগামী বছর থেকে দুই বছরের জন্য ধাতব পণ্যটি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চীন সর্বাধিক নিকেল আকরিক আমদানি করে ইন্দোনেশিয়া থেকে। সব মিলিয়ে এবার দেশটির স্টেইনলেস স্টিল উৎপাদন বেশ চাপের মধ্যে রয়েছে। ফলে এ বছর চীনের অভ্যন্তরীণ বাজারে শিল্প ধাতুটির দামও বেড়েছে উল্লেখযোগ্যহারে।
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনের অভ্যন্তরীণ বাজারে প্রতি টন স্টেইনলেস স্টিল ১৪ হাজার থেকে ১৫ হাজার ইউয়ানের (চীনা মুদ্রা) মধ্যে বেচাকেনা হয়েছে। বছরের শেষার্ধে একই পরিমাণ পণ্যের দাম হয়েছে ১৪ হাজার থেকে ১৬ হাজার ইউয়ান। আগামী বছরেও ধাতুটির দাম চাঙ্গা থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এদিকে অক্টোবরসহ টানা তিন মাস দেশটিতে ধাতুটির উৎপাদন নিম্নমুখী রয়েছে। অক্টোবরে দেশটির কারখানাগুলোয় মোট ২৪ লাখ ১০ হাজার টন স্টেইনলেস স্টিল উৎপাদিত হয়েছে, যা আগের মাসের তুলনায় ২ দশমিক ৬৭ শতাংশ কম। তবে এ সময়ে দেশটিতে শিল্পপণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ২৯ শতাংশ।









