যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে চতুর্থ ব্যাটারি সেল উৎপাদন কারখানা তৈরির কোনো পরিকল্পনা করছে না জেনারেল মোটরস কোম্পানি এবং এলজি এনার্জি সলিউশন। এর সঙ্গে জড়িত দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ আল্টিয়াম সেলস এলএলসি জানিয়েছে, গত আগস্টে তারা ইন্ডিয়ানার নিউ কার্লাইলে একটি প্লান্ট গড়ে তোলার পরিকল্পনা করছিল। যাতে খরচ হবে প্রায় ২৫০ কোটি ডলার।
শুক্রবার এক বিবৃতিতে জিএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চতুর্থ সেল প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়ে আমরা খুবই নিশ্চিত ছিলাম, কিন্তু সেই ভাবনা-চিন্তার বিষয়ে এখন আমরা কোনো মন্তব্য করব না। এলজি এনার্জি জানিয়েছে, চতুর্থ প্লান্ট নিয়ে পরিকল্পনা চলছে, কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এ পরিকল্পনার কথা জানিয়েছিল।
সূত্রটি জানিয়েছে, জিএম এখনো নতুন কোনো সঙ্গীর সঙ্গে ইন্ডিয়ানায় এ প্লান্ট বানানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের অটোমেকার এবং দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান দুটি মিলে ২৬০ কোটি ডলারের প্লান্ট তৈরি করছে মিশিগানে, যা ২০২৪ সালে উন্মুক্ত হবে। গত ডিসেম্বরে আল্টিয়াম জানিয়েছিল, তারা তাদের ২৩০ কোটি ডলারের টেনেসি প্লান্টে ২৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে যেটা চলতি বছরেই চালু হওয়ার কথা।
জিএম জানিয়েছে, এলজি এনার্জির সঙ্গে সেল উৎপাদন বাড়ানোর জন্য খুবই দ্রুত বিনিয়োগ করছে জেনারেল মোটরস। টেনেসি ও মিশিগানে তৈরি হতে যাওয়া প্লান্টগুলো যথাক্রমে ২০২৩ ও ২০২৪ সালে উৎপাদনে যাবে।
জিএম আরো জানিয়েছে, সেল তৈরির সক্ষমতার কারণে আমরা ২০২৪ সালের মাঝ বরাবর উত্তর আমেরিকায় চার লাখ বিদ্যুচ্চালিত যানবাহন তৈরি করতে পারব এবং আমাদের প্রত্যাশা, ২০২৫ সালের মাঝ বরাবর উত্তর আমেরিকায় বছরে ১০ লাখ বিদ্যুচ্চালিত যানবাহন তৈরি করার।
গত মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ আল্টিয়ামকে ২৫০ কোটি ডলারের স্বল্প খরচের ঋণ প্রদান করে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন একটি নতুন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন যে ২০৩০ সালের মধ্যে সেখানকার অটো উৎপাদনের ৫০ শতাংশ হবে বিদ্যুচ্চালিত অথবা প্লাগ-ইন বিদ্যুচ্চালিত হাইব্রিড যানবাহন। ২০৩৫ সালের মধ্যে গ্যাসোলিন চালিত যানবাহন বিক্রি বন্ধ করে দেবে জিএম, কিন্তু তারা এখনো অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করছে।










