এয়ার ফ্রান্স-কেএলএমের বিরুদ্ধে দায়ের করা একটি দেওয়ানি মামলা নিষ্পত্তিতে ৩৯ লাখ ডলার পরিশোধে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির ডাক বিভাগের চিঠিপত্র বিভিন্ন দেশে পৌঁছে দেয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য দেয়ার বিষয়ে এ অভিযোগ ওঠে।

ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, যুক্তরাষ্ট্রের ছয়টি স্থান থেকে ডাক বিভাগের চিঠিপত্র সংগ্রহ করার বিষয়ে এয়ারলাইনসটির সঙ্গে চুক্তি ছিল। একই সঙ্গে প্রতিরক্ষা বিভাগ ও স্বরাষ্ট্র বিভাগের সঙ্গেও আন্তর্জাতিক পরিসরে চিঠিপত্র পৌঁছে দেয়ার বিষয়ে চুক্তি ছিল।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত চিঠিপত্র সরবরাহ করার বিষয়ে প্রতিষ্ঠানটি যে ইলেকট্রনিক স্ক্যান জমা দিয়েছে সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, এয়ারলাইনসগুলো প্রায়ই এমন মিথ্যা তথ্য দেয়। যার কারণে বারবারই তাদের জরিমানা করা হয়। কেবল এয়ার ফ্রান্স-কেএলএমই নয়, এর আগে ডেল্টা এয়ারলাইন, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসকেও একইভাবে একই কারণে জরিমানা দিতে হয়েছিল।

উল্লেখ্য, ২০০৪ সালে ফ্রান্সের এয়ার ফ্রান্স ও নেদারল্যান্ডসের কেএলএম এয়ারলাইনস একীভূত হয়ে গঠিত হয় এয়ার ফ্রান্স-কেএলএম।