বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে ইউপিজিডিসিএলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ২১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ টাকা ৩৮ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৫ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ইউপিজিডিসিএল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৮ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, আগের বছরে যা ছিল ১০ টাকা ২৪ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউপিজিডিসিএল।










