দেশে প্রথমবারের মতো শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে মেঘনা ব্যাংক। এর মধ্য দিয়ে দেশের আর্থিক খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে ব্যাংকটি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, শতভাগ রিসাইকেলড গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করেছে ব্যাংকটি। এগুলো হলো গ্রিন প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড।

ব্যাংকটি বলছে, গ্রিন প্লাটিনাম কার্ড ব্যাংকের পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতীক এবং উইমেন প্লাটিনাম কার্ড নারীদের ক্ষমতায়ন, উন্নত জীবনধারা ও নানাবিধ আর্থিক সুবিধা নিশ্চিত করবে।

কার্ডধারীদের জন্য মূল সুবিধাগুলো হলো, নির্বাচিত বিলাসবহুল হোটেল ও রিসোর্টে ১ রাত থাকার সঙ্গে ১ রাত ফ্রি (শুধু গ্রিন প্লাটিনাম); গ্রিন প্লাটিনামে বার্ষিক ৪৩ হাজার টাকার বেশি এবং উইমেন প্লাটিনামে বার্ষিক ৩৭ হাজার টাকার বেশি ক্যাশব্যাক সুবিধা; দেশের শীর্ষ ৫-তারকা হোটেলে ‘বাই ১ গেট ১’ ফ্রি খাবারের সুযোগ।

এছাড়াও বিনাসুদে সর্বোচ্চ ৬ মাসের ইএমআই সুবিধা, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বের দেড় হাজারেরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ অ্যাক্সেস (লাউঞ্জকি’র আওতায়) এবং জুয়েলারি, ফিটনেস, বিউটি ও স্বাস্থ্যসেবা খাতে এক্সক্লুসিভ সেভিংস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব), হেড অব কার্ডস এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, শতভাগ রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি দেশের প্রথম গ্রিন ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করে মেঘনা ব্যাংক টেকসই ব্যাংকিংয়ে আরো একধাপ এগিয়ে যাবে। এ কার্ডগুলো পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে প্রিমিয়াম আর্থিক সুবিধাকে একত্রিত করে গ্রাহক অভিজ্ঞতা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।