মার্কিন ভোক্তা রোবট কোম্পানি আইরোবটের নিয়ন্ত্রণ নিতে অ্যামাজনের করা চুক্তি ভেস্তে গেল। মূলত ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক বাজার কমিশনের বিরোধিতায় এ পরিকল্পনা থেকে সরে আসতে হলো। খবর বিবিসি।

যৌথ বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে ‘হতাশা’ প্রকাশ করেছে কোম্পানি দুটি। ২০২২ সালে প্রথমবার এ চুক্তির ঘোষণা আসে। তখন বলা হয়েছিল অ্যামাজনের সর্বকালের বৃহৎ অধিগ্রহণ চুক্তির অন্যতম হতে যাচ্ছে এটি।

চুক্তিটি ভেস্তে যাওয়া আইরোবটের জন্য বড় একটি ধাক্কা। এর পর পরই কর্মী কাটছাঁটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ রোবট ভ্যাকুয়াম প্রস্তুতকারক বলছে, পণ্য বিক্রি কমে গেছে ও অবিলম্বে কোম্পানির পুনর্গঠন শুরু করবে। পুনর্গঠনের অংশ হিসেবে ৩১ শতাংশ কর্মী বাদ পড়ছে, সংখ্যায় ৩৫০ জন। এছাড়া খালি হতে যাচ্ছে প্রধান নির্বাহীর পদ। গবেষণা ব্যয়সহ বিভিন্ন খাতেও সংকোচন আনছে আইরোবট।

বিবৃতিতে অ্যামাজন ও আইরোবট জানিয়েছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অধিগ্রহণ না হলেও পূর্বনির্ধারিত ৯ কোটি ৪০ লাখ ডলার ব্রেক-আপ ফি পরিশোধ করবে অ্যামাজন।

প্রতিযোগিতা বৃদ্ধি ও একচেটিয়া বাজার দখল থেকে ভোক্তাদের রক্ষা করার জন্য এ একীভূতকরণ প্রক্রিয়ার বিরোধিতা করেছে ইইউ। বিষয়টি উল্লেখ করে অ্যামাজন বলছে, এমন সিদ্ধান্ত হিতে বিপরীতে হবে।

অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভিড জাপোলস্কি বলেছেন, এ সিদ্ধান্তের ফলে নতুন উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক দামে কেনা থেকে পিছিয়ে পড়বেন ভোক্তারা।

তিনি বলেন, ‘‌আইরোবটের মতো কোম্পানিগুলোকে একীভূতকরণের উদ্দেশ্য প্রতিযোগিতামূলক বাজারে তাদের সাহায্য করা। অযাচিত নিয়ন্ত্রক বাধাগুলো উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। বরং অধিগ্রহণকে সাফল্যের একটি পথ হিসেবে দেখা উচিত।’

অধিগ্রহণ ভেস্তে যাওয়ার খবর প্রকাশ হতেই আইরোবটের শেয়ারের দরপতন ঘটেছে ১৫ শতাংশ।

আইরোবট অধিগ্রহণের পেছনে অ্যামাজনের উদ্দেশ্য ছিল স্মার্ট-হোম অ্যাপ্লায়েন্স পরিষেবা আরো বিস্তৃত করা। এ অধিগ্রহণের জন্য গত বছর প্রাথমিকভাবে আইরোবটকে ১৭০ কোটি ডলার প্রস্তাব দেয়া হয়।

গত বছর যুক্তরাজ্যে প্রতিযোগিতামূলক বাজার কর্তৃপক্ষ সিএমএ চুক্তিটির অনুমোদন দেয়। কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতামূলক বাজার কর্তৃপক্ষ উদ্বিগ্ন প্রকাশ করে জানায়, অ্যামাজনের সঙ্গে আইরোবটের চুক্তি অন্যান্য ভ্যাকুয়াম-নির্মাতাদের টিকে থাকা কঠিন করে তুলবে। বিশেষ করে ই-কমার্স সাইটের কারণে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি সুবিধা পাবে অ্যামাজন।

এ বিষয়ে ইউরোপিয়ান কমিশন গত বছর একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছিল এবং সিদ্ধান্ত নেয়ার সময়সীমা ছিল ১৪ ফেব্রুয়ারি। তবে গত মাসের শুরুতে ইঙ্গিত দেয় যে চুক্তির বিরোধিতা করবে তারা। অধিগ্রহণের এ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রেও তদন্তের মুখোমুখি হয়েছিল।