জ্বালানি বিল বৃদ্ধি ও জীবনযাত্রার উচ্চ ব্যয় ব্রিটিশ পরিবারগুলোকে তাদের ব্যয়ের ওপর লাগাম টানতে বাধ্য করেছে। এতে কভিডজনিত বিধিনিষেধের পরও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারেনি। কভিড বিধিনিষেধ শেষে ২০২২ সালে সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা বাড়লেও সদ্য শেষ হওয়া বছরে কার্ডে লেনদেনের মাধ্যমে খুচরা বিক্রি আগের বছরের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। ডেবিট ও ক্রেডিট কার্ড পরিষেবা দেয়া প্রতিষ্ঠান বার্কলেকার্ড জানিয়েছে, ২০২২ সালে লেনদেনের সংখ্যা বেড়েছে। কিন্তু রেকর্ড মূল্যস্ফীতি ভোক্তাদের বাজেটের আকার কমিয়ে দিয়েছে। সামগ্রিকভাবে খুচরা খাতে কার্ড লেনদেনের মোট সংখ্যা ৫ শতাংশ বেড়েছে। তবে অর্থের হিসাবে খরচের পরিমাণ কমেছে।