দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজের ক্রয়াদেশ পেয়েছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় একটি জাহাজ কোম্পানির সঙ্গে এ নিয়ে ৬৭ হাজার ৪৫০ কোটি ওন বা ৫১ কোটি ৭০ লাখ ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে। খবর ইয়োনহাপ এজেন্সি।

দক্ষিণ কোরীয় জাহাজ নির্মাতা কোম্পানিটি বলছে, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে জাহাজ দুটি সরবরাহ করবে তারা। অবশ্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় জাহাজ নির্মাতা কোম্পানির নাম প্রকাশে বিরত থেকেছে স্যামসাং হেভি। চলতি বছরে এ পর্যন্ত ২৫০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে দক্ষিণ কোরীয় কোম্পানিটি, যা ২০২৩ সালে ৯৫০ কোটি ডলারের ক্রয়াদেশ লক্ষ্যমাত্রার ২৬ শতাংশ। উল্লেখ্য, ২০২১ ও ২০২২ সালে স্যামসাং হেভির ক্রয়াদেশ প্রাপ্তি ছিল যথাক্রমে ১ হাজার ২২০ কোটি ও ৯৪০ কোটি ডলার। কোম্পানির এক মুখপাত্র জানান, চলতি বছরে এলএনজি জাহাজের চাহিদা শক্তিশালী থাকবে। এতে টানা তিন বছরের মতো ক্রয়াদেশ লক্ষ্যমাত্রা পূরণ করতে যাচ্ছে স্যামসাং হেভি।