মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা, উপশাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান, এরিয়া হেড, ক্লাস্টার প্রধান, শাখা-উপশাখার ব্যবস্থাপক এবং মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও।
সম্মেলনে শুরুতে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম মিডল্যান্ড ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন। এছাড়া ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান মো. জাভেদ তারেক খান, আন্তর্জাতিক প্রধান খন্দকার তৌফিক হোসেন এবং রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতারসহ বিভিন্ন বিভাগ ও ইউনিটের প্রধানরা নিজ নিজ বিভাগের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।
সম্মেলনে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের ২০২৫ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের ওপর সার্বিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশনাগুলো মেনে চলা, সম্পদের গুণগতমান বজায় রাখা এবং নন-পারফর্মিং লোন আদায়ের পরামর্শ দেন। পাশাপাশি শেয়ারহোল্ডারদের বিনিয়োগের রিটার্ন ডেলিভারিসহ গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে দক্ষতা ও উৎকর্ষ নিশ্চিত করার আহ্বান জানান।










