চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৩২ হাজার ৮৩৫ টন রাবার রফতানি করেছে মিয়ানমার, যা থেকে আয় এসেছে ৪ কোটি ডলার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী সহকারী সচিব কিন মং লুইন এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি ইলেভেন।
মিয়ানমারে প্রতি বছর ১ অক্টোবর থেকে অর্থবছর শুরু হয়, চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সে হিসাবে এ অর্থবছরে অক্টোবর থেকে শুরু করে ৬ ডিসেম্বর পর্যন্ত এ পরিমাণ রফতানি করেছে দেশটি। যেখানে গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৩৬ হাজার ৮০৫ টন, যা থেকে দেশটির আয় হয়েছিল সাড়ে ৪ কোটি ডলার।
মিয়ানমার রাবার গ্রোয়ার অ্যান্ড প্রোডিউসার অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশটিতে প্রায় দুই লাখ টন রাবার উৎপাদন হয়। যার মাত্র ৮ শতাংশ অভ্যন্তরীণ ব্যবহার হয়। আর ৯০ শতাংশের বেশি রাবার রফতানি করে দেশটি। যার অধিকাংশ রফতানি চীনের বাজারে। তবে চীন ছাড়াও শীর্ষ রাবার উৎপাদক দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশেও
রফতানি করে দেশটি।









