বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো গতকাল এক মতবিনিময় সভায় এ কথা জানান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জি২০ সম্মেলনে বায়োফুয়েল ইনিশিয়েটিভে স্বাক্ষর করেন। ফলে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। এক্ষেত্রে ইতালি কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ’
তিনি আরো বলেন, ‘ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইতালি। গত বছর ইতালি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পার হয়েছে। বাংলাদেশের সপ্তম রফতানি বাণিজ্য কেন্দ্র ইতালি। বাংলাদেশ থেকে ইতালিতে প্রচুর তৈরি পোশাক রফতানি হয়। ভবিষ্যৎ বাজার চাহিদানুযায়ী রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে তৈরি পোশাক বৈচিত্র্যকরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রায় দুই লাখ জনশক্তি ইতালিতে সুনামের সঙ্গে কাজ করে গত বছর প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। ইতালিতে আরো দক্ষ জনশক্তি প্রয়োজন। ভবিষ্যতেও বৈধ পথে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি আমদানি করা হবে। এক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে যৌথভাবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টার করা যেতে পারে।
সভায় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে সহসভাপতি রাইসা মাহবুব, ইতালীর অনারারি কনসাল মীর্জা সালমান ইস্পাহানী, তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, মোহাম্মদ মনির উদ্দিন ও ওমর মুক্তাদির, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এএম মাহবুব চৌধুরী, বিকেএমইএর পরিচালক আহমেদ নুর ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।










