উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত ৭৭ কিলোমিটার দীর্ঘ জলপথটি বিশ্ব নৌবাণিজ্যের ৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এটি আন্তঃমহাদেশীয় শিপিং রুটগুলোর দূরত্ব হাজার হাজার কিলোমিটার কমিয়ে দিয়ে বাণিজ্যকে সাশ্রয়ী করে তুলেছে। খবর আনাদোলু।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, পানামা খাল উদ্বোধনের ১১২ বছর হলো সম্প্রতি। খালটি বিশ্বজুড়ে ১৮০টি সামুদ্রিক রুট এবং ১ হাজার ৯২০টি বন্দরকে সরাসরি যুক্ত করেছে। বর্তমানে ১৭০টিরও বেশি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে এ খালের ওপর নির্ভর করে। ২০২৫ সালে কৃত্রিম জলপথটি দিয়ে মোট ১৩ হাজার ৪০৪টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।
অর্থনৈতিক তথ্যে দেখা যায়, ২০২৫ অর্থবছরে পানামা খাল দিয়ে মোট ৪৮ কোটি ৯২ লাখ টনেরও বেশি পণ্য পরিবহন করা হয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে প্রতিদিন গড়ে ৩৪টি জাহাজ যাতায়াত করলেও মার্চে তা বেড়ে ৩৭টিতে দাঁড়ায়। এমনকি সবচেয়ে ব্যস্ত দিনগুলোয় দৈনিক ৪০টিরও বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বৈশ্বিক নৌবাণিজ্যের প্রায় ৫ শতাংশ একা পানামা খাল নিয়ন্ত্রণ করে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ সবচেয়ে বেশি জড়িত। খালটি দিয়ে যাতায়াতকারী মোট পণ্যের ৭০ শতাংশেরও বেশি হয় যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত, না হয় দেশটির উদ্দেশে পাঠানো।
২০২৫ সালে পানামা খাল কর্তৃপক্ষ প্রায় ৫৭০ কোটি (৫ দশমিক ৭ বিলিয়ন) ডলার রাজস্ব আয় করেছে। এটি কেবল আন্তর্জাতিক বাণিজ্যই সহজ করছে না, বরং পানামার নিজস্ব অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। গত বছর দেশের জাতীয় অর্থনীতিতে খালটির অবদান ছিল ৪২০ কোটি ডলার, যা পানামার জিডিপি প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।









