সিঙ্গাপুরের খুচরা বিক্রিতে ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রয়েছে। তবে গত বছরের নভেম্বরে এসে এ খাতে কিছুটা শ্লথগতি দেখা দিয়েছে। এর আগে টানা সাত মাস দেশটির খুচরা বিক্রি বছরওয়ারি দুই অংকের প্রবৃদ্ধি পেয়েছিল। খবর স্ট্রেইটস টাইমস।

বৃহস্পতিবার প্রকাশিত ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকসের তথ্য অনুসারে, নভেম্বরে সিঙ্গাপুরের খুচরা বিক্রি এক বছর আগের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। কভিডজনিত নিষেধাজ্ঞা শেষে বিদেশী পর্যটক ফিরে আসায় দেশটির খুচরা বিক্রিতে শক্তিশালী পুনরুদ্ধার অব্যাহত ছিল। নভেম্বরে সেই গতি কিছুটা ধীর হয়েছে। এর আগে অক্টোবরে খুচরা বিক্রি বছরওয়ারি ১০ দশমিক ৪ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৩ শতাংশ ও আগস্টে ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।

অর্থের হিসাবে নভেম্বরে খুচরা বিক্রির পরিমাণ ছিল ৪০০ কোটি ডলার। এর মধ্যে অনলাইনে বিক্রি ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। যদিও অক্টোবরে মোট খুচরা বিক্রিতে অনলাইনের অংশ ছিল ১৩ শতাংশ।