বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন শুক্রবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সম্মিলিত পরিষদ ঢাকায় হোটেল র‌্যাডিসন ব্লুতে ১ম প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। উল্লেখ্য যে, ‘টেকসই পোশাক শিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদ’ স্লোগান নিয়ে সম্মিলিত পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে। প্যানেল পরিচিতি সভায় ঢাকা ও চট্টগ্রামের সর্বস্তরের শিল্প মালিকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশি। সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম অনুষ্ঠানে বিজিএমইএ-এর বর্তমান বোর্ডের সিনিয়র সহসভাপতি, সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এবং সম্মিলিত পরিষদের সভাপতি পদপ্রার্থী এস এম মান্নান (কচি)সহ অন্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

প্যানেল পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশি; সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বিজিএমইএ-এর সাবেক সভাপতি, বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬ এর জন্য সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান; বিজিএমইএ এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সাবেক সভাপতি এস এম ফজলুল হক এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা পোশাক শিল্পে সম্মিলিত পরিষদের গৌরবময় ইতিহাস, অর্জন, আগামী দিনের সম্ভাবনা, প্যানেল লিডার এস এম মান্নান (কচি)’র অনন্য অবদান এবং তার নেতৃত্বসুলভ গুণাবলী এবং সেই সঙ্গে প্যানেলের অন্যান্য প্রার্থীদের শিল্পের বিভিন্ন ক্ষেত্রে একনিষ্ঠ ভূমিকা পালন নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, পোশাক শিল্পের যুগান্তকারী সরকারী সিদ্ধান্তগুলোর অধিকাংশই এসেছে সম্মিলিত পরিষদের নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদকালে এবং এসব মেয়াদে সভাপতি, বিজিএমইএ-এর সাবেক সভাপতিদের সঙ্গে নিয়ে প্রয়োজনে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে শিল্প ও সদস্যদের সমস্যাগুলো সফলতার সঙ্গে সমাধান করতে সক্ষম হয়েছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্যানেলটি নির্বাচিত হলে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করবে। এস এম মান্নান (কচি) বলেন, শিল্পকে টেকসই করতে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে আমরা প্যানেল করেছি। নির্বাচনে জয় নিয়ে কাজ করব।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।