মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকস গ্রুপের সঙ্গে ক্রেডিট কার্ডের অংশীদারত্ব বন্ধ করতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবহিত এমন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল সম্প্রতি ওয়াল স্ট্রিট ব্যাংকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, ১২-১৫ মাসের মধ্যে তারা চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৯ সালে একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড চালু করেছিল অ্যাপল ও গোল্ডম্যান। তবে অ্যাপলের এ ঘোষণার মাধ্যমে এখন তারা চলতি বছর শুরু করা সেভিংস অ্যাকাউন্টসহ সব অংশীদারত্ব থেকে আলাদা হতে যাচ্ছে।

প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে অ্যাপলের কর্মকর্তারা বলেন, ‘গ্রাহকের স্বাচ্ছন্দ্য আর্থিক লেনদেনে সহায়তার লক্ষ্যে একটি অভাবনীয় পদ্ধতির দিকে মনোনিবেশ করছে ‌অ্যাপল ও গোল্ডম্যান স্যাকস। অ্যাপল কার্ড এরই মধ্যে গ্রাহকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। আমরা তাদের জন্য সেরা পরিষেবা দিতে উদ্ভাবন অব্যাহত রাখব।’

এ বিষয়ে গোল্ডম্যান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি।

গত এপ্রিলে অ্যাপল একটি উচ্চ সুদের অ্যাকাউন্ট চালু করেছে, যা গোল্ডম্যানের চেয়ে বেশি বার্ষিক লভ্যাংশ প্রদান করবে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ‘‌বাই নাও, পে লেটার’ (বাকিতে বিক্রয়) পরিষেবা চালু করেছিল অ্যাপল, যা মাস্টারকার্ড কিস্তি প্রোগ্রামের মাধ্যমে চালু হয়েছিল। কোম্পানিটি সে সময়ে জানিয়েছিল, গোল্ডম্যান ওই মাস্টারকার্ড পেমেন্টের সত্যায়নকারী ছিল।