তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট ‘ফোরাম’ প্যানেলের পোশাক শিল্পে আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর উত্তরা ক্লাবে এ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএর ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। বিজিএমইএর আগামী নির্বাচনকে সামনে রেখে এ সভার আয়োজন করে সংগঠনটি ।

ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বক্তব্য ও অভিমতকে প্রাধান্য দিয়ে আলোচনা সঞ্চালিত হয়। মালিকেরা এইচএস কোডের দ্বৈততা নিরসন, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, এক্সিট পলিসি, পণ্যের যৌক্তিক মূল্যসহ ৩২টি বিষয় উত্থাপন করেন।

ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ প্রতিটি বিষয়ে তার ভিশন ও মিশন উপস্থাপন করেন। তিনি বলেন, সদস্যদের স্বার্থেই বিজিএমইএকে কাজ করতে হবে।

বিজিএমইএর আসন্ন নির্বাচনে ফোরাম প্যানেলের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সদস্যগণের স্বার্থ রক্ষায় ফোরাম অনন্য এক প্ল্যাটফর্ম।

করোনার ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে ফয়সাল সামাদ বলেন, প্রধানমন্ত্রীর সহায়তায় করোনা পরিস্থিতিতে আমরা একটি কারখানাও বন্ধ হতে দেইনি।

এ সময় ফোরাম প্যানেল লিডার তৈরি পোশাক শিল্পে সার্বক্ষণিক সহায়তার জন্য প্যানেল লিডার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি আবদুস সালাম, মহাসচিব আসিফ ইব্রাহিমসহ প্যানেল সদস্য, সাবেক সভাপতিসহ পরিচালকরা।