২০২২ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভারতের অর্থনীতি সম্প্রসারণে কিছুটা ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এর কারণ হিসেবে ঋণ পরিশোধে ক্রমবর্ধমান সুদের হারের কথা বলা হচ্ছে। এ হার বৃদ্ধির কারণে ভোগ কমেছে। যেহেতু ভোক্তাব্যয় অর্থনীতি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ নিয়ামক, তাই ভোক্তার ভোগের পরিমাণ কমলে তা সরাসরি অর্থনীতির ওপর প্রভাব ফেলে। আবার বৈশ্বিক চাহিদা কমে যাওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কঠোর করাও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর করে দিয়েছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
এক জরিপের ফলের ভিত্তিতে অর্থনীতিবিদরা বলছেন, এক বছর আগের তুলনায় ভারতের জিডিপি সবশেষ প্রান্তিকে ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত বছরের মার্চের পর এটিই সবচেয়ে ধীরগতির অর্থনৈতিক সম্প্রসারণ। গত বছরের মার্চে শেষ হওয়া প্রান্তিকে সম্প্রসারণ হয়েছিল ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।










