মো. এহতেশামুল হক খান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। গতকাল এমডি ও সিইও হিসেবে যোগদানের আগে প্রায় ছয় বছর তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এ সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেছেন।