আবুধাবির জ্বালানি তেলবহির্ভূত খাতে প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৪০০ কোটি দিরহাম বা ৪ হাজার ১৯৬ কোটি ডলারে পৌঁছেছে। প্রবৃদ্ধির এ পরিমাণ ছিল ২০১৪ সালের পর সর্বোচ্চ। খবর দ্য ন্যাশনাল নিউজ।

আবুধাবি পরিসংখ্যান কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, গত জুনের শেষ পর্যন্ত তিন মাসে সংযুক্ত আরব আমিরাতের মোট জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। 

আবুধাবির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি তেলবহির্ভূত আর্থিক খাত বড় ধরনের অবদান রাখছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে খাতটির অবদান ছিল রেকর্ড ১৪ হাজার ৬০০ কোটি দিরহাম। দ্বিতীয় প্রান্তিকেও আবুধাবির মোট প্রকৃত জিডিপি রেকর্ড ২৮ হাজার ৭০০ কোটি দিরহামে পৌঁছায়।