পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে পাঁচদিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বন্ধে পরিবর্তন আসতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি সিকিউরিটিজ লেনদেনও বন্ধ থাকবে। ২৪ এপ্রিল থেকে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম ও সিকিউরিটিজ লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। তবে ঈদ উপলক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এ বন্ধে পরিবর্তন আসতে পারে।
এদিকে ঈদুল ফিতরের পর পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন আসবে। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। বেলা ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশনের লেনদেন হবে। একই সঙ্গে ঈদের পর ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রমের সময়ও পরিবর্তন হয়ে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।










