চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সমন্বিত আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই বেড়েছে। আলোচ্য সময়ে বহুজাতিক কোম্পানিটির সমন্বিত আয়ে দশমিক ৯২ শতাংশ প্রবৃদ্ধি হলেও নিট মুনাফা বেড়েছে ৫ শতাংশের বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কোম্পানির গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত আয় হয়েছে ৬৯১ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৮৫ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৬ কোটি ২৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সময়ের উৎপাদন খরচ বাদ দিয়ে কোম্পানিটির সমন্বিত গ্রস মুনাফা হয়েছে ২১৩ কোটি ১৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে এ আয় হয়েছিল ২২০ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত পরিচালন আয় হয়েছে ১২৫ কোটি ৬৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ আয় হয়েছিল ১৩১ কোটি ৪০ লাখ টাকা। বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত পরিচালন আয় কমেছে ৪ দশমিক ৩৮ শতাংশ। তবে আলোচ্য সময়ে অপরিচালন আয় বাড়ার পাশাপাশি বিনিয়োগ আয় ও সহযোগী কোম্পানি থেকে আয় বৃদ্ধি এবং কর বাবদ কম ব্যয় হওয়ায় কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৮ লাখ টাকা বা ৫ দশমিক ৪৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১৯ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০০ টাকা ৭৪ পয়সায়।

৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ আগস্ট সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ জুন।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০১ কোটি ৫ লাখ টাকা, আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ২৯০ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা বা ৩ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সায়।