যুক্তরাজ্যে প্রায় ৪০ লাখ শিশু পারিবারিকভাবে অর্থনৈতিক নিপীড়নের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পকেট মানি বা হাত খরচসহ প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা থেকে শুরু করে উপহারের অর্থ হাতিয়ে নেয়ার মতো নানা ধরনের আর্থিক নিপীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। শুধু শিশুরা নয়, ১৮ বছরের কমবয়সী সন্তানের মায়েদের মধ্যেও প্রায় ২৭ শতাংশকে এমন আচরণের মুখোমুখি হতে হচ্ছে, যা অর্থনৈতিক নিপীড়ন হিসেবে বিবেচিত। মূলত সাবেক অথবা বর্তমান সঙ্গীদের হাতে পরিবারের আর্থিক নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে এসব মা ও তাদের সন্তানদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে দাতব্য সংস্থা সার্ভাইভিং ইকোনমিক অ্যাবিউজের (এসইএ) সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর গার্ডিয়ান।
কোনো কোনো ক্ষেত্রে দায়ী ব্যক্তিরা সন্তানের ভরণপোষণের ব্যয় নির্বাহ বন্ধে ব্যাংক অ্যাকাউন্ট ও শিশু ভাতাসহ সুরক্ষামূলক সুবিধাগুলোয় এসব মায়ের প্রবেশাধিকারও পুরোপুরি আটকে দিচ্ছে। ফলে খাদ্য ও পোশাক-পরিচ্ছদের মতো প্রাপ্য মৌলিক অপরিহার্য সুবিধা থেকেও বঞ্চিত থেকে যাচ্ছে অনেক শিশু। পরিবারের অর্থনৈতিক নিপীড়নের শিকার নারীদের নিয়ে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এসব তথ্য সামনে নিয়ে এসেছে এসইএ।
সাম্প্রতিক বছরগুলোয় ব্রিটিশ অর্থনীতি বেশ চাপে পড়েছে। লন্ডনসহ দেশটির বড় শহরগুলোর আবাসন খাতে নতুন বিনিয়োগ নিয়ে বিপুলসংখ্যক বিদেশী এসে ভিড় করছে। এতে চাপ ও চাহিদা বেড়ে দেশটির আবাসন খাত এখন অতিমাত্রায় ব্যয়বহুল হয়ে উঠেছে। এ ব্যয় নির্বাহ করে জীবনযাপন করা সাধারণ ব্রিটিশ নাগরিকদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক চাপে ভেঙে পড়ছে দেশটির সামাজিক-সাংস্কৃতিক ও পারিবারিক নিরাপত্তা কাঠামো। বর্তমানে ব্রিটিশ শিশু ও নারীরাই এর সবচেয়ে বড় শিকার বলে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে।
বিশেষ করে শিশুরা এখন বেশ নাজুক অবস্থানে রয়েছে। গত মে মাসে এলসেভিয়ার জার্নালে ‘দি ইকোনমিক বার্ডেন অব চাইল্ড ম্যালট্রিটমেন্ট অ্যান্ড কো-অকারিং প্যারেন্টাল ডমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড অ্যাবিউজ ইন ইউকে’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ব্রিস্টল মেডিকেল স্কুল, ইউসিএল গ্রেট অরমন্ড স্ট্রিট ইনস্টিটিউট অব চাইল্ড হেলথসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দিয়ে পরিচালিত ওই গবেষণায় উঠে আসে, ইংল্যান্ড ও ওয়েলসে আনুমানিক ৮৫ লাখ মানুষ ১৬ বছর বয়স হওয়ার আগে নানা মাত্রার শিশু নির্যাতনের শিকার হয়েছে। ফলে তাদের খারাপ দৈহিক ও মানসিক স্বাস্থ্য, ঝুঁকিপূর্ণ আচরণ (যেমন ধূমপান, মাত্রাতিরিক্ত মদ্যপান, অবৈধ মাদক ব্যবহার ইত্যাদি), ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়া এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় জীবনমান ও অর্থনৈতিক দুরবস্থার মতো পরিণতির ঝুঁকিও বেড়েছে।
এসব নিপীড়নের নানা পদ্ধতি ও দিক নিয়ে অনেকভাবে আলোচনা হলেও শিশুর ওপর অর্থনৈতিক নিপীড়নের মাত্রা, ধরন ও প্রভাব নিয়ে এসইএর জরিপটির মতো কাজের সংখ্যা খুবই নগণ্য। এতে দেখা যায়, নিঃসন্তান নারীদের তুলনায় সন্তানের মায়েরা অর্থনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন তিন গুণ বেশি। বিশেষ করে সাবেক দাম্পত্য সঙ্গীদের কাছ থেকে অর্থনৈতিক বঞ্চনার শিকার হওয়া নারীদের এক-তৃতীয়াংশই অভিযোগ তুলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সাবেক সঙ্গীরা বিচ্ছেদের পর হয় সন্তানের ভরণপোষণের ব্যয় নির্বাহে অস্বীকৃতি জানিয়েছে, নয়তো তা নিয়মিতভাবে পরিশোধ করেনি।
এক-ষষ্ঠাংশ নারী অভিযোগ তুলেছেন, তাদের সাবেক বা বর্তমান দাম্পত্য সঙ্গী সন্তানের হাতখরচ বা উপহারের অর্থ হাতিয়ে নিয়েছেন। আবার ভাতাসহ শিশুদের প্রাপ্য সুযোগ-সুবিধাগুলোয় মায়ের প্রবেশাধিকার বন্ধের প্রচেষ্টার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন সমানসংখ্যক।
অর্থ বন্ধের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টির একটি উদাহরণ দেন জরিপে অংশ নেয়া একজন নারী। বর্তমানে তার সন্তান প্রাপ্তবয়স্ক। এসইএর গবেষকদের তিনি বলেন, ‘আমার সাবেক সঙ্গী ভরণপোষণ দিলেও বড়দিনের ঠিক আগে তা বন্ধ করে দিত।’
এ ধরনের প্রবণতা শিশুদের বেড়ে ওঠায় নেতিবাচক প্রভাব ফেলে বলে অভিমত দেন এসইএর প্রধান নির্বাহী স্যাম স্মেদার্স। তিনি বলেন, ‘অর্থনৈতিক নিপীড়ন হলো একধরনের বিপজ্জনক জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ। শিশুরা এর মধ্য দিয়ে প্রতিদিনই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
স্যাম স্মেদার্স আরো বলেন, ‘আমাদের গবেষণা দেখাচ্ছে যে অভিযুক্তরা শিশুদের হাতখরচের অর্থ হাতিয়ে নিচ্ছে। তাদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধায় মায়েদের প্রবেশাধিকার বন্ধ এবং ভরণপোষণ দিতে অস্বীকার করছে। আমরা দীর্ঘদিন ধরেই সরকারের নারী ও কন্যা সন্তানের ওপর সহিংসতা বন্ধে সরকারের কৌশলপত্র প্রকাশের অপেক্ষায় আছি। এটি প্রকাশ এবং অগ্রাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক নিপীড়ন বন্ধ করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নিপীড়নকারীরা যেসব ফাঁকফোকর কাজে লাগিয়ে গোটা ব্যবস্থাকে প্রভাবিত করছে, এ কৌশলের মধ্য দিয়ে সেগুলো বন্ধ করতে হবে। শিশুর ভরণপোষণকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুষ্কৃতকারীরা। এটি শিশুদের জীবন ধ্বংস করে দিতে পারে।’
তিনি বলেন, ‘যখন আমরা শিশুর ওপর নির্যাতন নিয়ে বলি, তখন সাধারণত শারীরিক ক্ষতি ও হুমকির কথা ভাবা হয়। কিন্তু জবরদস্তিমূলক নিয়ন্ত্রণের অন্যান্য রূপও আছে। বিষয়টি আমাদের প্রকাশ করা প্রয়োজন।’
ব্রিটিশ সরকারের শিশু সুরক্ষা ও নারীর ওপর সহিংসতা রোধবিষয়ক মন্ত্রী জেস ফিলিপস বলেন, ‘এক দশকের মধ্যে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অর্ধেক করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। অর্থনৈতিক নির্যাতন মোকাবেলা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’










