সম্প্রতি মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের নির্বাহী ডেভিড ডেন্টন এ পদে নিযুক্ত হন। তিনি বর্তমান সিএফও ম্যাথিউ ফ্রেন্ডের স্থলাভিষিক্ত হবেন। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সাপ্লাই চেইনে জটিলতা ও বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বর্তমানে নাইকি কিছুটা খারাপ সময় পার করছে। পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবেই শীর্ষ পদে পরিবর্তন আনল কোম্পানিটি।
বেশ কিছুদিন ধরেই উত্তর আমেরিকা ও চীনের মতো প্রধান বাজারগুলোয় নাইকির পণ্যের চাহিদা কম। একই সঙ্গে কোম্পানিটির গুদামে অবিক্রীত পণ্যের মজুদ অনেক বেড়ে গেছে। গত মার্চে নাইকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলিয়ট হিল ও বর্তমান সিএফও ম্যাথিউ ফ্রেন্ড জানান, ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক হতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে।
এলিয়ট হিল ২০২৪ সালের অক্টোবরে নাইকির সিইও হিসেবে দায়িত্ব নেন। এর পর থেকেই তিনি নাইকিকে ফের খেলাধুলার মূল ধারার পোশাক ব্যবসা ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে পাইকারি বিক্রেতাদের সঙ্গে কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক নতুন করে গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি।
ব্যবসা পুনর্গঠনের প্রক্রিয়ার কারণে নাইকির মার্কেটিং ও পণ্য প্রডাক্ট ইনোভেশন বিভাগসহ পুরো ব্যবস্থাপনা খাতেই বড় ধরনের রদবদল করা হচ্ছে।
৬০ বছর বয়সী ডেভিড ডেন্টন ২০২২ সালের মে মাস থেকে ফাইজারের অর্থপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ১৭ আগস্ট থেকে তিনি নাইকিতে নতুন দায়িত্ব নেবেন। এর আগে গত ১৮ জুন ফাইজার এ কর্মকর্তার বিদায়ের কথা ঘোষণা করে।
বিদায়ী সিএফও ম্যাথিউ ফ্রেন্ড ২০০৯ সালে নাইকিতে যোগ দিয়েছিলেন। কোম্পানির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন শেষে ২০২০ সালে তিনি সিএফও হন।










