নেদারল্যান্ডসে একটি ক্যাফেতে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ভোরে পূর্বাঞ্চলের ডাচ শহর এডেতে ক্যাফে পেট্টিকোটে এক লোক প্রবেশ করে। সে সবাইকে অস্ত্র ও বিস্ফোরক দেখিয়ে হুমকি দেয়। বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে। পুলিশ এরই মধ্যে আশপাশের বাড়িগুলো খালি করেছে। খবর বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, তিনজনকে মুক্ত করা হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এটি সন্ত্রাসী হামলা কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। আশপাশের ১৫০টি বাড়ি ফাঁকা করা হয়েছে। শহরের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। জিম্মি ব্যক্তিদের মধ্যে ক্যাফের কয়েকজন কর্মীও রয়েছে বলে জানিয়েছেন মালিক।