নির্বাহী পর্যায়ে শতাধিক কর্মী ছাঁটাই করছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস কোম্পানি। চলমান বৈশ্বিক সংকটে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় সংকোচনে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। তাছাড়া সক্ষমতা বৃদ্ধির জন্য পুরো টিমকে ঢেলে সাজাতে চায় কোম্পানিটি। সম্প্রতি রয়টার্সকে দেয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট এক ব্যক্তি।

জেনারেল মোটরসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরডেন হফম্যান গত মঙ্গলবার কর্মীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, আগামী দুই বছরে ২ বিলিয়ন ডলার খরচ বাঁচানোর প্রতিশ্রুতি রয়েছে আমাদের। করপোরেট ব্যয় ও পণ্যের জটিলতা দূর করে তা বাস্তবায়ন করা হবে।

চলতি বছরের জানুয়ারিতে ২ বিলিয়ন ডলার ব্যয় সংকোচনের লক্ষ্যমাত্রা প্রকাশ করেছিল জেনারেল মোটরস। ছাঁটাই সম্পর্কে কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি তখন। মঙ্গলবারের চিঠিতেও ব্যয় সংকোচনের জন্য ছাঁটাই করা হবে কিনা, তা স্পষ্ট নয়। কোম্পানির পক্ষ থেকে কেবল ব্যয় কমানোর দিকেই জোর দেয়া ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। হফম্যান দাবি করেছেন, পরিস্থিতিটা এমন যে আমাদের প্রতিযোগিতা দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন সময়ে নিজেদের সক্ষমতা ও কর্মের দিকে মনোযোগ দেয়া আবশ্যক। দায়বদ্ধতা নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজয়ী দল হয়ে থাকতে হবে আমাদের।

এদিকে জেনারেল মোটরসের শেয়ারদর ১ দশমিক ৫ শতাংশ অবনমন ঘটেছে। কোম্পানির উচ্চপদস্থ কর্মীদের আরো দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধানের প্রতি জোর দিয়েছেন হফম্যান। জোর আরোপ করেন জবাবদিহিতা নিশ্চিত করে নতুন কর্ম পরিবেশ তৈরি করায়। বিশ্বব্যাপী মন্দা মোকাবেলায় বৃহৎ কোম্পানিগুলো সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। চলতি মাসের শুরুর দিকে ব্যয় সংকোচনের জন্য ফোর্ড মোটরের পক্ষ থেকে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসে। গত সোমবার প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানায় স্টেলান্টিস।