ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে এ৩৫০ মডেলের প্রায় ৪০টি উড়োজাহাজ ক্রয়ের জন্য আলোচনা এগিয়ে নিয়েছে সৌদি আরব। উপসাগরীয় অঞ্চলে ভারী উড়োজাহাজ চালুর চ্যালেঞ্জের পাশাপাশি নতুন এয়ারলাইনস শুরুর কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে এটি করা হচ্ছে। খবর রয়টার্স।
পরিবহন কৌশলের অংশ হিসেবে নতুন এয়ারলাইনস রাজধানী রিয়াদভিত্তিক হবে, অন্যদিকে রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া জেদ্দার বাইরে থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে সপ্তাহে রিয়াদে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) ফোরামে এ-সম্পর্কিত ঘোষণাটি আসতে পারে। ৪০টি উড়োজাহাজের মূল্য বাবদ রিয়াদকে খরচ করতে হবে ১২ বিলিয়ন ডলার। দেশটির সার্বভৌম জন বিনিয়োগ তহবিল (পিআইএফ) থেকে অর্থ প্রদান করা হবে।
তবে সৌদি আরব এর নতুন এয়ারলাইনস চালুর অংশ হিসেবে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কোনো উড়োজাহাজ ক্রয় করতে যাচ্ছে কিনা তা এখনো অস্পষ্ট। রয়টার্সের সূত্র বলছে, নতুন এয়ারলাইনসটির নাম হতে পারে আরআইএ। তবে আলোচনার সঙ্গে সম্পর্কিত সূত্রটি সতর্ক করে বলেছে, প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি।
অন্য একটি সূত্র অবশ্য বলছে, পিআইএফ থেকে প্রায় ৭৫টি উড়োজাহাজ ক্রয়ের জন্য আলোচনা চলছে এবং সৌদি কর্তৃপক্ষের বোয়িং ৭৮৭ ক্রয়ের দিকে ঝোঁক বেশি। তবে প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে যে, নতুন এয়ারলাইনসের জন্য সরু আকৃতির জেট মডেলের উড়োজাহাজেরও প্রয়োজন রয়েছে।
এ সম্পর্কে এয়ারবাস কিংবা বোয়িংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তাছাড়া তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে রাজি হয়নি পিআইএফ।










