ডাবর ইন্ডিয়ার সাবসিডিয়ারি ডাবর ইন্টারন্যাশনাল লিমিটেডের (পূর্বের রেড্রক লিমিটেড) সঙ্গে এসিআই লিমিটেডের জয়েন ভেঞ্চার চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এশিয়ান কনজুমার কেয়ার লিমিটেড বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেছে। ডাবর ইন্টারন্যাশনালের সঙ্গে ২০০৩ সালের ৫ জুলাই স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে এশিয়ান কনজুমার কেয়ারের ২৪ শতাংশ শেয়ার ধারণ করে এসিআই লিমিটেড। সম্প্রতি কোম্পানিটিতে ধারণ করা সমুদয় শেয়ার বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ।
তথ্য অনুযায়ী, এশিয়ান কনজুমার কেয়ারে এসিআই লিমিটেডের ১০ টাকা মূল্যের ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি শেয়ার রয়েছে। যার আনুমানিক বিক্রিয়মূল্য দাঁড়াবে ৬০ কোটি টাকা। এসিআই লিমিটেডের ধারণ করা সব শেয়ারই কিনে নেবে ডাবর ইন্ডিয়া। শেয়ার বিক্রয়কৃত টাকা দিয়ে এসিআই লিমিটেড ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করবে।
এদিকে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেডের (পিপিএল) সাবসিডিয়ারি হিসেবে এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডের ডিমার্জার ও একীভূতকরণ স্কিমে অনুমোদন করেছে। ডিমার্জার স্কিম হিসেবে পিপিএলের সাবসিডিয়ারি কোম্পানিটি অন্যান্য ব্যবসা থেকে পৃথকভাবে প্লাস্টিক ব্যবসা করবে। আর একীভূতকরণ স্কিম হিসেবে পিপিএলের সঙ্গে প্যাকেজিং ব্যবসা পরিচালনা করবে এসিআই লিমিটেড।
এজন্য ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের সম্মতি নেবে এসিআই লিমিটেড। পাশাপাশি ভোক্তাদের জন্য নতুন ব্র্যান্ড প্রতিষ্ঠা ও ব্যাকওয়ার্ড লিংকেজ উৎপাদনে হাইকোর্টের অনুমোদন নেবে কোম্পানিটি।
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসিআই লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৭৪ কোটি ৮২ লাখ, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৮ কোটি ৭০ লাখ টাকা বা ৩৬৪ শতাংশ।










