চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে সৌদি আরব। এ সময় এশিয়া ছাড়াও মার্কিন আমদানিকারকদের সৌদি জ্বালানি তেল কিনতে বাড়তি অর্থ গুনতে হবে। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

সৌদি আরব বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো, যা আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি।

তবে আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে ১ ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন বলে জানিয়েছে সৌদি আরামকো।