ব্যবসায়ীদের প্রধান সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আরবিট্রেশন সক্ষমতা বাড়াতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)। সোমবার (১৬ অক্টোবর) এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান আইসিসিয়ের চেয়ার মারিয়া ফানার্ন্দা গারজা।
মাহবুবুল আলম বলেন, আরবিট্রেশনের ক্ষেত্রে আইসিসি যে ধরণের সেবাগুলো দেয় সেটি এক কথায় অসাধারণ। আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ও সমাধানে আইসিসির প্রতিটি পদক্ষেপ থেকে শেখার অনেক কিছু আছে। আইসিসি ইতোমধ্যে আরবিট্রেশন নিয়ে বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এফবিসিসিআইয়ের আরবিট্রেশনকে শক্তিশালী করতে আইসিসির প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য প্রয়োজনে আইসিসির সঙ্গে সমঝোতা স্মারক চুক্তির কথা তিনি।
এ সময় বেসরকারি খাতের দক্ষতা উন্নয়নে গবেষণার ক্ষেত্রেও আইসিসির কাছে সহযোগিতা চেয়েছেন মাহববুল আলম।
মারিয়া ফার্নান্দা গারজা বলেন, বিশ্ব এখন একটি বিশেষ সময় পার করছে। বর্তমান প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত বাণিজ্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে মারিয়া ফার্নান্দা গারজা আইসিসি আরবিট্রেশনের সকল সুবিধা, ব্যবসায়িক খাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বর্তমান সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, পরিচালকসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।










