সরকারি বিভিন্ন ভাতা গ্রহণে দেশের ৭৮ লাখের বেশি উপকারভোগী ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ বেছে নিয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে এসব উপকারভোগী নগদের মাধ্যমে ভাতা পেয়েছেন। সহজ সেবা, মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিই এ জনপ্রিয়তার মূল কারণ বলে জানানো হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমে ১ হাজার ৬৫০ কোটি টাকা ৭৮ লাখের বেশি উপকারভোগীর হাতে সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ।
এ বছর সরকার দেশের সব মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ভাতা বিতরণের সুযোগ রেখেছিল। উপকারভোগীরা নিজেদের পছন্দের মাধ্যমেই টাকা নিতে পেরেছেন। তবুও দেশের ৬৪ জেলার বিপুলসংখ্যক মানুষ ভাতা গ্রহণে বেছে নিয়েছেন নগদকে।
বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষসহ প্রায় ৭৫ লাখ উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন। এসব ভাতার মধ্যে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য মাসে ৯০০ টাকা, বয়স্কদের জন্য ৬৫০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ৬৫০ টাকা করে দেয়া হয়েছে। এসব অর্থ সহজে ও সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ।
নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় তিন লাখের বেশি উপকারভোগী প্রতি মাসে ৮৫০ টাকা করে তিন বছর মেয়াদি (৩৬ মাস) ভাতা নিয়েছেন নগদের মাধ্যমে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, দেশের ৬৪ জেলার লাখ লাখ উপকারভোগী সরকারি ভাতার টাকা নগদের মাধ্যমে গ্রহণ করেছেন। এটি নগদের জন্য গর্বের বিষয়। গ্রাহকের এ আস্থা আমাদের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে উৎসাহ জোগায়। নগদ চায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের উপকারভোগীরা যেন খুব সহজে, নিরাপদে ও কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই নিয়মিত এ সেবা পান।
২০২৪-২৫ অর্থবছরে ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করেছিল সরকার। সেই সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরও ডিজিটাল পেমেন্ট সিস্টেমে ভাতা বিতরণ চলছে। এতে সরকারের ডিজিটাল ব্যবস্থার প্রতি আস্থা আরো মজবুত হয়েছে।
ডিজিটালাইজড ভাতা বিতরণ ব্যবস্থার ফলে এখন উপকারভোগীরা সময়, খরচ ও ঝুঁকিসহ সবদিক থেকেই সুবিধা পাচ্ছেন। মুহূর্তেই তাদের হাতে পৌঁছে যাচ্ছে ভাতার টাকা।
দেশে ডিজিটাল লেনদেনের অবকাঠামো গড়ে তুলতে সরকারের উদ্যোগে অংশীদার হিসেবে নগদ উদ্ভাবনী সেবা চালু করেছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ছে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ পাচ্ছেন।
—বিজ্ঞপ্তি










